প্রকাশের তারিখঃ Oct 16, 2025 ইং
সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-৯ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং তার স্ত্রী রেহেনা চৌধুরীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে রাজধানীর সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলাগুলো দায়ের করেন।
সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলায় দুদক উল্লেখ করে, আসামি ১৯৮৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে বৈধ আয়ের বাইরে ১২ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ১৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি নিজের নামে ২১টি ব্যাংক হিসাবে মোট ১২৪ কোটি ৬১ লাখ ৫৪ হাজার ২৫২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইন ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া তার স্ত্রীর বিরুদ্ধে হওয়া মামলায় দুদক উল্লেখ করে, রেহানা চৌধুরী বৈধ আয় ছাড়াই ২৬ কোটি ৯৭ লাখ ১৫ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জন করেন। তিনি ১৯৯৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে ৩টি ব্যাংক হিসাবে মোট ১৫০ কোটি ৮৮ লাখ ৯২ হাজার ৪৫০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধি ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.